অপেক্ষায় থাকি




কবে, কোন আধারে আমার ছেলেবেলার সেই ভেলা হারিয়ে গেছে, তা আজ মনে নেই, জীবনের খেলায় বড্ড ক্লান্ত। মনে করার ফুরসুতও নেই এতটুকু। শুধুই জীবনের খেলা সব ভুলিয়ে দিয়েছে ধীরে।  জানিনা, জানতেও চাইনা এখন আর সেইসব পুরনো দিনের স্মুতিমাখা দিনের ঠিকানা। কোথায় আছে, হারিয়ে গেছে, নাকি লুকিয়ে আছে আমারই গভীরে। জীবনের ভর দুপুরের কড়া রোদে কেবলই তৃষ্ণায় বুক ফেটে যায়, চলতে পারিনা মোটে। আসে কী যন্ত্রনায়, আসে বেদনভরা বাতাসে ভেসে বিশ্রি ধুলো, চোখ, মুখ বন্ধ হয়, দেখা যায়না সামনে এগিয়ে চলা সম্ভাবনায় পথ। যে পথে আছে আমার ভবিষ্যত। এভাবে আর কতকাল কাটবে, কত ভাবনায় সাঁতরে পার হব নীল বেদনার অথৈ সাগর। যে সাগরের তীরে আছে আমারই স্বপ্নের বাসর। স্বপ্ন বুনি আর বুনি, কেবলই স্বপ্ন বোনা। সেই স্বপ্নের বীজ ধীরে ধীরে কাণ্ডে, গুল্মে পাতায় বেড়ে ওঠার আগেই ঝরে যায়, রক্ত হয়ে। সে রক্তক্ষরণ চলে আমারই শিরা,উপশিরা বেয়ে। নতুন দিনের সোনালী সূর্যের আলোয় আমি বেড়ে উঠার চেষ্টা করি, সামনে ফেলি পা। 

আমার এ অনন্ত পথচলা হোক আলোয় আলোয়। এ আমার বাসনা, কামনা। সকাল গড়িয়ে দুপুর যায়, আসে বিকাল। সন্ধ্যায় গাঁথি মালা, সম্ভাবনার পথ হাতড়ে বেড়াই রাতে। আমার এ ভুল জানি ফুল হয়ে ফুটবে না কোনো দিন। তবুওতো চলে যায় রাত, আসে নতুন সকাল, সোনালী সকাল। আলোয় ভরে ওঠে দশদিক। আমার এ দিক আধার ঘরের পথ চেয়ে থাকে.খোঁজে আলো। কোথায় কাকে খুঁজে বেড়াই, কোথায় কে আছে, তা নিজেই জানিনা, জানতেও ইচ্ছা করেনা এখন আর। কেবলই স্বপ্ন দেখি, স্বপ্ন আসে, স্বপ্ন যায়, ঘুমিয়ে ঘুমিয়ে। খেলা, এ জীবনের খেলা। বড্ড অনিয়মের খেলা। কখন রেফারির বাঁশি বাজবে ফুরিয়ে যাবে সব, অপেক্ষায় থাকি কেবলই।  

    

মন্তব্যসমূহ